করোনাভাইরাস ঠেকাতে গণপরিবহনে যাত্রী অর্ধেক করার পর চার দিনের মাথায়ও ভোগান্তি কমেনি। এমনকি এ নিয়ে সমালোচনা-ক্ষোভের পরও কোনো সুরাহা আসেনি। অর্ধেকের কম যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে যাত্রীর চাপ সামাল দিতে পারছে না গণপরিবহনগুলো।
আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনও ঢাকার রাস্তায় অফিসের গন্তব্যে যাওয়ার জন্য বেসরকারি অফিস খোলা থাকায় মানুষকে রাস্তায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
একদিকে সব ধরনের অফিস খোলা, অন্যদিকে যানবাহনের আসন অর্ধেক। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ৫০ শতাংশ লোকবল দিয়ে পরিচালনা করার নির্দেশনা থাকলেও কার্যত সেটি কেউ মানছেন না।
গণপরিবহন উঠতে নারীদের ভোগান্তি বেশি হচ্ছে।
সকাল ১০টায় মোহাম্মদপুরে স্বাধীন পরিবহনে কারওয়ান বাজার আসার জন্য অপেক্ষা করছেন আহমেদ আলী। কড়া রোদে অন্তত ১০০ জনের পেছনে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি।
আহমেদ আলী বলেন, ‘এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না। বাসে অল্প লোক নিচ্ছে। আর বাসও স্ট্যান্ডে আসছে অনেকক্ষণ পরপর। আমার সিরিয়াল যে কখন আসবে! অফিসে যে কখন পৌঁছাতে পারব!’
লাইনে দাঁড়িয়ে থাকা মাসুম হোসেন নামের বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মী ক্ষোভের সঙ্গে বললেন, ‘ভাব দেখে মনে হচ্ছে, অন্য কোথাও করোনা নেই, গাড়িতেই শুধু করোনা।’






