অভিনেত্রী আফসানা মিমি করোনাভাইরাসে আক্রান্ত

নিজে করোনাভাইরাসে আক্রান্ত। কিন্তু বাবার জন্য বেশি চিন্তিত ছিলেন অভিনেত্রী আফসানা মিমি। বয়স্ক বাবার কথা চিন্তা করেই ঘর ছেড়ে হাসপাতালে গেছেন মিমি। কিছুটা কাশি ও হালকা জ্বর বোধ করায় গত ২৪ মার্চ তিনি করোনার নমুনা পরীক্ষা করান। ২৫ মার্চ জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত।

করোনা শনাক্ত হওয়ার পর থেকে নিজের রুমে আইসোলশনে ছিলেন মিমি। মাঝে কাশি ও শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যেত। তবে স্বাভাবিকভাবেই ঘরবন্দী হয়ে সব কাজ করছিলেন। ৩১ মার্চ তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। পরিবারের সবার কথা ভেবে তিনি সিদ্ধান্ত নেন, হাসপাতালে ভর্তি হবেন। এক সহর্কমীকে খুদে বার্তায় আফসানা মিমি লিখেছেন, ‘আমার বাবার বয়স ৮৪ বছর। বাবা আমার জন্য আর কত দিন ঘরবন্দী থাকবেন। এই বয়সে বাবার একটু হাঁটাচলা করা দরকার। আমার কারণে সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই মুহূর্তে ঝুঁকি নিতে চাই না। পরিবারের সবার কথা ভেবে আমি নিজেই আজ হাসপাতালে ভর্তি হয়েছি। পরিবারের সবাই ভালো থাকলে আমিও সুস্থ হয়ে উঠব।’ তাঁর পক্ষ থেকে এই বিবৃতি সবাইকে জানিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই শিল্পী।