অতিরিক্ত ঋণ নিয়েছেন এমন অভিবাসী ৫০ শতাংশ

মহামারির মধ্যে বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রবাসীরা পুরোনো ঋণ শোধ করতে নতুন করে ধারদেনায় জড়াচ্ছেন। তাই তাঁদের ঋণ আরও বাড়ছে। বাধ্য হয়ে স্বাস্থ্য খাতে তাঁদের ব্যয় কমাতে হয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত এক জরিপে এমন চিত্র পাওয়া গেছে। আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ‘র‍্যাপিড অ্যাসেসমেন্ট রাউন্ড-২: নিডস অ্যান্ড ভালনারেবিলিটিস অব ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রিটার্ন মাইগ্র্যান্টস ইন বাংলাদেশ’ শিরোনামে দ্বিতীয় দফায় জরিপটি করা হয়েছে গত সেপ্টেম্বরে। এর আগে উচ্চ অভিবাসনপ্রবণ ১২টি জেলায় গত মে মাসে আরেক দফা জরিপ করা হয়।

জরিপ বলছে, অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় টাকা ধার করা বা অতিরিক্ত ঋণ নিয়েছেন এমন অভিবাসী ৫০ শতাংশ। বিদেশফেরত অর্ধেকের বেশি অভিবাসীরা বলেছেন, তাঁদের প্রত্যেকের এক লাখ টাকার ওপরে ঋণ আছে এবং ২৮ শতাংশ বলেছেন, তাঁদের ঋণ দুই লাখ টাকার ওপরে। ৫৮ শতাংশ অভিবাসী বলেছেন, তাঁদের ঋণের পরিমাণ ২০২০ সালের জুনের চেয়ে সেপ্টেম্বর মাসে বেড়েছে।