অক্ষয় কুমারের সাম্প্রতিক ছবিগুলো দেখলে আঁতকে উঠতে হয়। রুপালি পর্দায় যাঁদের সঙ্গে তিনি প্রেম করছেন, তাঁদের বেশির ভাগই তাঁর হাঁটুর বয়সী। স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে দুই দশক ধরে এক ছাদের নিচে সংসার করছেন অক্ষয়। অথচ এই অভিনেতার প্রেমিকাই নাকি একদিন চলে গিয়েছিলেন তাঁকে ছেড়ে।
এমন তথ্যই দিলেন বলিউডের এই অভিনেতা। ভারতের জনপ্রিয় অনুষ্ঠান কপিল শর্মা শোতে ‘হাউসফুল ফোর’ ছবির প্রচারে এসেছিলেন অক্ষয় কুমার। তাঁর সঙ্গে ছিলেন রিতেশ দেশমুখ ও ববি দেওল। সেখানেই ঘটনাটি ফাঁস করেন তিনি। অক্ষয়ের জীবন বড় বর্ণিল। সেই জীবনের নানা ঘটনার বয়ান দিতে দিতে প্রেমের এই ঘটনাও বেরিয়ে আসে।
অক্ষয় তখন ভীষণ লাজুক প্রকৃতির ছিলেন। মেয়েদের পাশে খুব একটা ঘেঁষতেন না। প্রেমের শুরুতে বেশ কয়েক দিন প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু কখনো তাঁর কাঁধে হাত রাখেননি। সংকোচ হতো বলে হাতও ধরতেন না তিনি। অক্ষয় জানান, মেয়েটি চেয়েছিল অক্ষয় তাঁর হাত ধরুক, অন্তত একটা চুমু খাক। অক্ষয় এসব না করায় সেখানেই তাঁদের প্রেমের ইতি ঘটে। মেয়েটি চলে যায় অক্ষয়কে ছেড়ে।
অক্ষয় যখন তারকা হননি। তখন তাঁর প্রেমিকা চলে গেলেও বলিউডে পোক্ত হওয়ার পর জড়িয়েছিলেন একাধিক প্রেমে। অক্ষয় কুমার ও আয়েশা জুলকারের প্রেম নিয়ে তুমুল আলোচনা হয়েছিল বলিউডে, মূলত ‘খিলাড়ি’ সিনেমাকে ঘিরে। ‘খিলাড়ি’ ছবির ‘ওয়াদা রাহা সনম’ গানটিতে যেন অক্ষয় কুমার আর আয়শা জুলকার ভালোবাসার কথা স্পষ্ট ছিল।
মডেল ও অভিনেত্রী পূজা বাত্রার সঙ্গেও অক্ষয়ের সম্পর্ক নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল। যদিও এই প্রেম টেকেনি বেশি দিন। পূজা বলিউড তারকা অক্ষয়ের ব্যাপারে সিরিয়াস থাকলেও অভিযোগ আছে, অক্ষয় পূজাকে নিজের সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।
গত শতকের নব্বইয়ের দশকের হিট জুটিগুলোর মধ্যে অন্যতম অক্ষয় কুমার ও শিল্পা শেঠি। পর্দার বাইরেও এই জুটির ছিল ভক্তদের পছন্দের শীর্ষে। অক্ষয়–শিল্পার প্রেমও এগিয়েছিল অনেক দূর। শোনা যায়, অক্ষয় কুমার ও শিল্পা শেঠির আশীর্বাদ পর্যন্ত হয়েছিল। কিন্তু শেষমেশ দুজন ধরেছেন ভিন্ন পথ। এখন ভিন্ন ঘরে সংসার।
‘মোহরা’ ছবির সেট থেকে প্রেমের শুরু অক্ষয় কুমার ও রাভিনা টেন্ডনের। বলিউডের তখন আলোচনার অন্যতম বিষয় ছিল অক্ষয়–রাভিনার প্রেম। বলিউডের আবেদনময়ী এই নায়িকা অক্ষয়ের প্রেমে পাগল ছিলেন। তাঁদের প্রেম নিয়ে এতই আলোচনা হতো যে অনেকে ধরে নিয়েছিলেন সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। কিন্তু তাঁদের এ সম্পর্কও একসময় ভেঙে যায়।






